শিক্ষা

তাপপ্রবাহে বদল স্কুলের সময়, ৩ জুন থেকে দু’সপ্তাহ প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং স্কুল

ক্রমবর্ধমান গরম ও তাপপ্রবাহের পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে মর্নিং শিফট চালুর নির্দেশ দিল জেলা প্রাথমিক শিক্ষা দফতর। আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত, অর্থাৎ টানা দু’সপ্তাহ সকালবেলায় স্কুল চলবে।
তাপপ্রবাহে বদল স্কুলের সময়, ৩ জুন থেকে দু’সপ্তাহ প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং স্কুল

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ক্রমবর্ধমান গরম ও তাপপ্রবাহের পরিস্থিতির কথা মাথায় রেখে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে মর্নিং শিফট চালুর নির্দেশ দিল জেলা প্রাথমিক শিক্ষা দফতর। আগামী ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত, অর্থাৎ টানা দু’সপ্তাহ সকালবেলায় স্কুল চলবে।

সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক), পুরুলিয়ার তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশ অনুসারে জেলার সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়ে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত প্রধান শিক্ষক ও টিচার-ইন-চার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে থাকছে। দুপুরের তীব্র গরমে ছোট পড়ুয়াদের শারীরিক অসুবিধার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মর্নিং শিফট চালু হলে ছাত্রছাত্রীদের তুলনামূলক সুবিধাজনক আবহাওয়ায় বিদ্যালয়ে পাঠদান সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

জেলা প্রাথমিক শিক্ষা দফতরের এই নির্দেশের ফলে জেলার কয়েকশো প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আসতে চলেছে।