নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ঝালদা সত্যভামা বিদ্যাপীঠের মাঠে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মহকুমা স্তরের প্রি-সুব্রত কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬। শুক্রবার অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের ম্যাচ দিয়ে এবারের এই মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর মাহাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআই শুভাশীষ বক্সী, ঝালদা ৩ নম্বর চক্রের এসআই সিদ্ধার্থ মাহাত-সহ স্থানীয় ক্রীড়া ও প্রশাসনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা বিভাগ মিলিয়ে মোট ৩৫টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের প্রথম দিনেই ফুটবলপ্রেমীরা উপভোগ করলেন এক হাড্ডাহাড্ডি লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কুটিডি হাই স্কুল ও কোটশিলা গার্লস। দু পক্ষের তীব্র লড়াই সত্ত্বেও নির্ধারিত সময় পর্যন্ত খেলা অমীমাংসিত থাকে। শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট-আউটের রোমাঞ্চকর লড়াই শেষে কোটশিলা গার্লসকে পরাস্ত করে জয় ছিনিয়ে নেয় কুটিডি হাই স্কুল।