নিজস্ব প্রতিনিধি,কোটশিলা:
ছাত্রীদের সুরক্ষা, স্বনির্ভরতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কোটশিলা গার্লস হাই স্কুলে আয়োজিত হয়ে গেল পুরুলিয়া পুলিশের একটি বিশেষ জনসংযোগ কর্মসূচি। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা সমিতির সক্রিয় অংশগ্রহণে এই সচেতনতা শিবিরটি ব্যাপক সাড়া ফেলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ দিনের অধিবেশনে বর্তমান সমাজের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে আলোকপাত করা হয়। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রুখে দেওয়া, বর্তমান যুগের সাইবার অপরাধ ও নিরাপত্তা, পথ নিরাপত্তা এবং ছাত্রীদের ব্যক্তিগত সুরক্ষার মতো বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত পুলিশ আধিকারিকরা। এর পাশাপাশি, সমাজের মূল স্রোতে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার গুরুত্ব, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ব্যক্তিত্ব বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
শিবিরে উপস্থিত ছাত্রীদের তাদের মৌলিক আইনি অধিকার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে আপৎকালীন সহায়তার বিভিন্ন মাধ্যম (হেল্পলাইন নম্বর) সম্পর্কে সচেতন করা হয়। বিপদে পড়লে কীভাবে পুলিশের সাহায্য নেওয়া যাবে এবং ছাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কীভাবে পাশে থাকবে, সে বিষয়েও সচেতন করা হয় ।
পুলিশের এই পারস্পরিক সহযোগিতাপূর্ণ ও শিক্ষণীয় উদ্যোগে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় এবং ছাত্রীদের সচেতন করতে পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।