ক্রাইম ব্লক

বাঘমুন্ডিতে পোস্ত পাচার, পুলিশের জালে ১

পোস্ত খোসা পাচার মামলার তদন্তে নেমে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত। ধৃতের নাম রাজেশ সাউ, বাড়ি বাঘমুন্ডির কুচি গ্রামে। তদন্তকারীদের দাবি, ধৃত রাজেশ বাজেয়াপ্ত ট্রাক্টরটির মালিক।
বাঘমুন্ডিতে পোস্ত পাচার, পুলিশের জালে ১

 


নিজস্ব প্রতিনিধি,বাঘমুন্ডি:

সীমান্তবর্তী এলাকায় মাদক ও নিষিদ্ধ সামগ্রী পাচার রুখতে এবার বড়সড় সাফল্য পেল পুরুলিয়ার বাঘমুন্ডি থানার পুলিশ। গত জুন মাসের একটি চাঞ্চল্যকর পোস্ত খোসা পাচার মামলার তদন্তে নেমে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত। ধৃতের নাম রাজেশ সাউ, বাড়ি বাঘমুন্ডির কুচি গ্রামে। তদন্তকারীদের দাবি, ধৃত রাজেশ বাজেয়াপ্ত ট্রাক্টরটির মালিক। এই গ্রেফতারির পর রাজ্যজুড়ে সক্রিয় থাকা মাদক পাচার চক্রের বাকি পান্ডাদের হদিশ মিলবে বলে আশা করছে পুলিশ।

তদন্তকারী সূত্রের খবর, গত ৮ জুন গোপন সূত্রে খবর পেয়ে বাঘমুন্ডির দুয়ারসিনী এলাকায় ওত পেতে বসেছিল পুলিশ। সেখানে একটি লরি, একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেলকে আটকানো হয়। তল্লাশি চালাতেই গাড়িগুলি থেকে উদ্ধার হয় বস্তা বস্তা নিষিদ্ধ পোস্ত খোসা। ঘটনায় জড়িত সন্দেহে তখনই নির্দিষ্ট মাদক আইনে   মামলা রুজু করে জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বাজেয়াপ্ত হওয়া ট্রাক্টরটি কুচি গ্রামের রাজেশ সাউয়ের। সেই যোগসূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়। বুধবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারী আধিকারিকদের দাবি, রাজেশকে জিজ্ঞাসাবাদ করে খুব দ্রুতই এই আন্তঃরাজ্য পাচারচক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করা সম্ভব হবে।