ক্রাইম

সাংসদকে প্রাণে মা*রার হুমকি, মাও নাশকতার ইঙ্গিত দিলেন জ্যোতির্ময়

জঙ্গলমহল এলাকায় কি ফের মাথাচাড়া দিচ্ছে মাও সন্ত্রাস? ঝালদা থানা এলাকায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নামে সাঁটানো একটি পোস্টার ঘিরে এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।
সাংসদকে প্রাণে মা*রার হুমকি, মাও নাশকতার ইঙ্গিত দিলেন জ্যোতির্ময়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


জঙ্গলমহল এলাকায় কি ফের মাথাচাড়া দিচ্ছে মাও সন্ত্রাস? ঝালদা থানা এলাকায় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নামে সাঁটানো একটি পোস্টার ঘিরে এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে। ওই বিতর্কিত পোস্টারে সাংসদকে প্রাণে মারার হুমকি দিয়ে ১ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। নিরাপত্তার  জন্য ইতিমধ্যেই পুরুলিয়ার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন সাংসদ।

এই ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন হুমকি হিসেবে দেখতে নারাজ খোদ সাংসদ। তাঁর মতে, এর পেছনে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত বা পুরনো কোনো হিংসাত্মক গোষ্ঠীর হাত থাকতে পারে। অতীতে এই অঞ্চলে মাওবাদী সক্রিয়তার যে ইতিহাস ছিল, এই পোস্টার রাজনীতি তারই চেনা ছক মনে করাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, "কোনো একটি জায়গায় আমার নাম দিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। এর আগে লোকসভা ভোটের প্রচারের সময়ও আমার ওপর হামলা হয়েছিল, যেখানে আমাদের একজন কর্মী গুরুতর জখম হন। মনে হচ্ছে সেই ঘটনার আশেপাশের কোনো সূত্র থেকেই এই কাজ করা হয়েছে।"

সাংসদের দাবি, এই ধরণের হুমকি জঙ্গলমহলের বিজেপি নেতৃত্বের কাছে নতুন নয়। ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বলরামপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক বাণেশ্বর মাহাতোকেও একইভাবে পোস্টার দিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। জ্যোতির্ময়বাবুর ইঙ্গিত, অতীতে জঙ্গলমহলে মাওবাদী সংগঠন যেভাবে পোস্টার দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত, এই ঘটনাও হুবহু এক।