নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া ২ নম্বর ব্লকের হুটমুড়া গ্ৰামে সম্প্রতি বজ্রপাতে প্রাণ হারিয়েছিলেন শেখ রহমতুল্লা। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছিল পরিবারটি। বুধবার সেই শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য প্রশাসন।
এদিন মৃত শেখ রহমতুল্লার পরিবারের সদস্যদের হাতে ৪ লক্ষ টাকার একটি ক্ষতিপূরণের চেক প্রদান করেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ মুখার্জি। স্বজনহারা পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি এই সরকারি সাহায্য তাদের হাতে তুলে দেন তিনি।
বিধায়ক ছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরা। পুরুলিয়া সদরের মহকুমাশাসক উৎপল কুমার ঘোষ এবং পুরুলিয়া ২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এদিন সশরীরে উপস্থিত থেকে শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন।
অন্যদিকে সাঁতুড়ি ব্লকের তারাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের কাঁকুরকিয়ারি গ্ৰামের বাসিন্দা ওই একই দিনে বজ্রপাতে মৃত চৈতন ধীবর এর পরিবারের হাতে আজ ৪ লক্ষ টাকার চেক প্রদান করেন রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মামণি বাউরী। সঙ্গে ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক মিঠুন বিশ্বাস ও সাঁতুড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।