নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বজ্রপাতে মৃত যুবকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন। বুধবার পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের পলমা গ্ৰামের বাসিন্দা, মৃত নিমাই গরাঁই-এর পরিবারের হাতে সরকারি নিয়ম মেনে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হল। বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের বিধায়ক লবসেন বাস্কে উপস্থিত থেকে শোকার্ত পরিবারের হাতে এই চেকটি প্রদান করেন।
পরিবার সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়ে অকালে প্রাণ হারান পলমা গ্রামের যুবক নিমাই গরাঁই। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়ে। খবর পেয়েই রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে দ্রুত এই আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়।
চেক প্রদানের সময় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।