স্বাস্থ্য ব্লক

বলরামপুরে ১০০ শয্যার হাসপাতাল চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর দরবারে বিধায়ক

বলরামপুরে ১০০ শয্যার একটি স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার দাবিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানালেন বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাতো।
বলরামপুরে ১০০ শয্যার হাসপাতাল চেয়ে স্বাস্থ্যমন্ত্রীর দরবারে বিধায়ক

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বলরামপুরে ১০০ শয্যার একটি স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার দাবিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানালেন বলরামপুরের বিজেপি বিধায়ক জলধর মাহাতো। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে জমা দেওয়া ওই আবেদনে তিনি দাবি করেন, বলরামপুর ব্লক ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা জরুরি। তাই দ্রুত সেখানে একটি ১০০ শয্যার রাজ্য সাধারণ হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
আবেদনে তিনি আরও জানান, বলরামপুরে আদিবাসী ও গ্রামীণ জনসংখ্যা বেশি হলেও বর্তমান স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত নয়। গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা বা প্রসূতি-সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে রোগীদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ বা ঝাড়খণ্ডের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে চিকিৎসায় বিলম্বের পাশাপাশি বাড়ছে আর্থিক চাপ। অনেক সময় মূল্যবান সময় নষ্ট হওয়ায় রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ছে। বিধায়কের দাবি, ১০০ শয্যার হাসপাতাল গড়ে উঠলে বলরামপুর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। মাতৃ ও শিশুস্বাস্থ্য পরিষেবারও উন্নতি হবে। একই সঙ্গে পুরুলিয়া মেডিক্যাল কলেজের উপর চাপও অনেক টা কমে যাবে। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।