নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
রাজ্য জুড়ে বেআইনি খনিজ সম্পদ পাচার রুখতে কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসন। এবার পুরুলিয়া- ঝাড়খণ্ড সীমান্তে বেআইনি কয়লা পাচার রুখতে এক অভিনব ও কড়া অভিযান চালালো পুরুলিয়া জেলা পুলিশ। পাচারকারীদের ফন্দি ভেস্তে দিতে খোদ থানার আইসি মই বেয়ে চেপে বসলেন ট্রাকের ওপর।
পুরুলিয়ার পুলিশ সুপারের কড়া নির্দেশে গত কয়েকদিন ধরেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,সীমান্ত এলাকায় গত মাত্র দু'দিনের অভিযানে বেশ কয়েক টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার জয়পুর থানার আইসি প্রসেনজিৎ জানার নেতৃত্বে কাঁঠালটাড় নাকা চেকিং পয়েন্টে চলে এই বিশেষ অভিযান।
সাধারণত নাকা চেকিংয়ের সময় ট্রাকের চালকের কাগজপত্র পরীক্ষা করা বা দূর থেকে মালপত্র দেখেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু পাচারকারীরা অনেক সময় বৈধ মালের নিচে অবৈধ খনিজ লুকিয়ে রাখে। এই কারচুপি ধরতে বৃহস্পতিবার এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ।
পুলিশের এই আচমকা ও কড়া তল্লাশিতে স্বাভাবিকভাবেই থতমত খেয়ে যায় ট্রাকের চালক ও খালাসিরা। জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে কোনোভাবেই যাতে অবৈধ কয়লা বা অন্য কোনো খনিজ পাচার হতে না পারে, তার জন্য এই ধরনের আচমকা তল্লাশি আগামী দিনেও লাগাতার জারি থাকবে।