নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সাড়ম্বরে পালিত হল শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ৫০ বছর। রবিবার পুরুলিয়া জেলা বিড়ি কারিগর ইউনিয়নের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হল। দিনটিকে স্মরণীয় করে রাখতে মিছিল, পতাকা উত্তোলন ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি “অর্জিত অধিকার রক্ষার সংগ্রামে শ্রমিক শ্রেণির ঐক্য” শীর্ষক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিড়ি কারিগর ইউনিয়নের সভাপতি ভীম কুমার জানান, “২০২৬ সালের ৩০ আগস্ট সংগঠনের ৫০তম প্রতিষ্ঠা দিবস পূর্ণ হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি পুস্তিকাও প্রকাশ করা হয়েছে।”
সংগঠনের দাবি, বর্তমানে তাঁদের সদস্য সংখ্যা ৩৭ হাজারেরও বেশি। এ দিন সংগঠনের পক্ষ থেকে ৯ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— বিড়ি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজার বিড়িতে ৩০০ টাকা মজুরি, কর্মচারীদের বেতন বৃদ্ধি, ৮.৩৩ শতাংশ বোনাস, সবেতন ছুটি, শ্রমিকদের পিএফের আওতায় আনা, ন্যূনতম ৫ হাজার টাকা পেনশন, উন্নত হাসপাতাল পরিষেবা, পরিচয়পত্র এবং শ্রমিক কল্যাণ প্রকল্প চালু। পাশাপাশি শ্রমকোড বাতিল এবং পুরুলিয়ায় বিড়ি শ্রমিকদের উপর ইএসআইসি-র চাপ না দেওয়ার দাবিও জানানো হয়েছে। এদিন উপস্থিত ছিলেন মনীন্দ্র গোপ, নিখিল মুখোপাধ্যায়-সহ অন্য নেতৃত্ববৃন্দ।