নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ঘরে অভাব নিরন্তর কিন্তু মন? বিরাট বড়ো। নিজেদের বাড়ির গাছের কলা ফলতেই সেই আনন্দ আর শুধু নিজেদের মধ্যে আটকে রাখেননি দিনমজুরি করা এক মা। সন্তানের সহপাঠীদের মধ্যে বিতরণ করলেন আনন্দ। মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির পড়ুয়া প্রদীপ মুর্মুর মা রেণুকা মুর্মু। পেশায় এক দিনমজুর এবং স্বল্প শিক্ষিতা।
তার পরিবার থাকে বিদ্যালয়েরই পাশের গ্রাম শীতলট্যাড়ে। তাঁর মানসিকতা ও ভালোবাসার প্রসার হার মানিয়েছে অনেক কিছুকেই।
সম্প্রতি তাঁদের বাড়ির গাছে প্রথমবারের মতো একটি কলার কান্দি ফলে। কলা পাকার পর রেণুকা গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে যান। সেখানে উপস্থিত শিশু শ্রেণির পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীর হাতে পরম আদরে সেই পাকা কলা উপহার হিসেবে তুলে দেন তিনি।
একজন সাধারণ দিনমজুর মায়ের এমন বিরল সদিচ্ছা দেখে অভিভূত বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র জানান, "তাঁর এই আন্তরিকতা ও ভালোবাসা দেখে আমরা গভীরভাবে আপ্লুত ও আবেগতাড়িত।" প্রদীপের মা-বাবার এই সুন্দর উদ্যোগকে সম্মান জানিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।