নিজস্ব প্রতিনিধি, আড়শা:
রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে টোটো চুরির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আড়শা থানার অন্তর্গত হেঁসলা গ্রামে। এই চুরির ঘটনায় মঙ্গলবার আড়শা থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন টোটোর মালিক তথা স্থানীয় বাসিন্দা মধুসূদন মেহেতা।
পুলিশকে তিনি জানিয়েছেন, সোমবার রাতে তিনি নিজের বাড়ির সামনেই টোটোটি রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে দেখেন, সেখানে টোটোটি নেই। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কেউ বা কারা সেটি চুরি করে নিয়ে চম্পট দিয়েছে।
সকালে উপার্জনের একমাত্র সম্বল টোটোটিকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে ওই ব্যক্তির। এরপরই তিনি সোজা পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে আড়শা থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত, তা খুঁজে বের করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।