নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ঝালদায় পানীয় জল সরবরাহ প্রকল্পের ওভারহেড জলাধার নির্মাণের সূচনা করলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। বৃহস্পতিবার ৩৫ কোটি টাকা বরাদ্দে এই মেগা প্রকল্পের সূচনা করেন তিনি। জানা গিয়েছে, ভারত সরকারের অমৃত ২.০ প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে ঝালদা পুরসভার পানীয় জল সরবরাহ প্রকল্পটি আটকে ছিল। অবশেষে জট কাটিয়ে সেই প্রকল্পের সূচনা করেন তিনি। বিধায়ক জানান, সুবর্ণরেখা নদী থেকে জল তুলে প্রায় ১৫ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে তা ঝালদা শহরে আনা হবে। মসিনা গ্রামের কাছে পুরসভার কেনা জমিতে জল পরিশোধনের পর শহরের দুটি ওভারহেড জলাধারে সংরক্ষণ করা হবে। এর মধ্যে জোন-এ ও জোন-বি থেকে পাইপলাইনের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিন বিধায়ক রহিদাস মাহাতো অভিযোগ করেন, ২০২৫ সালে সুবর্ণরেখা জল প্রকল্পের ওয়ার্ক অর্ডার জারি হলেও তৎকালীন পরিস্থিতিতে কাজ এগোয়নি। তিনি দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের পরিবর্তনের পর বিষয়টি গুরুত্ব দিয়ে উদ্যোগ নেওয়ায় প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে ঝালদা শহরের দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অনেকটাই দূর হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাত, ঝালদা মণ্ডল সভাপতি সঞ্জয় সিং দেও, প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকার, সুজয় ব্যানার্জি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।