স্বাস্থ্য ব্লক

সাপে কাটায় শিশু মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে পুঞ্চায় বাড়ছে ক্ষোভ

গত ১৬ই মে পুঞ্চা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাগদা অঞ্চলের হাতিহাট গ্রামের আট বছরের এক শিশুর। অভিযোগ, হাসপাতালে চিকিৎসার চরম গাফিলতির কারণেই ওই একরত্তি শিশুর প্রাণ গেছে।
সাপে কাটায় শিশু মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে পুঞ্চায় বাড়ছে ক্ষোভ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


সাপের কামড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ আগেই উঠেছিল। আর এই ঘটনার প্রতিবাদেই এবার সরব হলো পুঞ্চা নাগরিক কমিটি। গত ১৬ই মে পুঞ্চা ব্লক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাগদা অঞ্চলের হাতিহাট গ্রামের আট বছরের এক শিশুর। অভিযোগ, হাসপাতালে চিকিৎসার চরম গাফিলতির কারণেই ওই একরত্তি শিশুর প্রাণ গেছে।

এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার পুঞ্চার বিডিও-র কাছে একটি বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করে পুঞ্চা নাগরিক কমিটি। তাদের প্রধান দাবি, শিশুমৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং এই গাফিলতির সঙ্গে যারা যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, অবিলম্বে পুঞ্চা ব্লক হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার উন্নতি এবং হাসপাতাল চত্বরে গড়ে ওঠা দালাল চক্র পুরোপুরি বন্ধ করার দাবিও তুলেছেন তাঁরা।

এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন পুঞ্চা নাগরিক কমিটির কনভেনার পিন্টু কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য তন্ময় মহাপাত্র ও প্রশান্ত ব্যানার্জি এবং কমিটির অন্যান্য সদস্য সুব্রত মন্ডল, সুরজিৎ মহাপাত্র, বাপি মিশ্র-সহ আরও অনেকে। ডেপুটেশন শেষে নাগরিক কমিটির সদস্যরা সাফ জানিয়ে দেন, প্রশাসন যদি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান না করে, তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।