নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
দুপুর পর্যন্ত গরমের দাপট থাকলেও বিকেল গড়াতেই জেলার একাধিক এলাকায় ঝড়-বৃষ্টির দেখা মিলল। ৪ জুন পুরুলিয়ায় গড় বৃষ্টিপাত হয়েছে ৭.৩৪ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাড়ায়—৬০.২ মিমি। নিতুড়িয়ায় ১৯.২ মিমি এবং সাঁতুড়িতে ১৬.০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
তবে বৃষ্টি হলেও জেলার বাকি অংশে দিনের তাপমাত্রায় খুব একটা প্রভাব পড়েনি। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি।
সকাল থেকেই ছিল চড়া রোদ ও ভ্যাপসা গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়তে থাকে। বিকেলে কয়েকটি এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় ঝড়-বৃষ্টি হয়। বিশেষ করে পাড়ায় এক ঘণ্টার মধ্যেই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা এখনও পুরোপুরি প্রবেশ না করলেও প্রাক্-বর্ষার সক্রিয়তার জেরেই এই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হচ্ছে।