নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বর্ষার আগমনের অপেক্ষার মাঝেই ফের চড়ছে তাপমাত্রা। ৩ জুন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাল ৩৮.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।
গত তিন দিন ধরে জেলায় ধারাবাহিকভাবে তাপমাত্রা বাড়ছে। স্কোয়াল ফ্রন্ট ও টানা ঝড়-বৃষ্টির জেরে যে স্বস্তি মিলেছিল, তা এখন অতীত। সকাল থেকেই ঝকঝকে রোদ এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতাও বাড়তে থাকে।
দিনের তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে পৌঁছলেও অস্বস্তির মূল কারণ বাতাসে উচ্চ আর্দ্রতা। ফলে প্রকৃত তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। দুপুরের দিকে রাস্তাঘাটে মানুষের ভিড় কমে যায়। ঠান্ডা পানীয়, ডাবের জল ও শরবতের দোকানগুলিতে বাড়ছে ভিড়।
রাতের তাপমাত্রাও ২৬ ডিগ্রির উপরে থাকায় ভোরের দিকেও বিশেষ স্বস্তি মিলছে না। গরম ও গুমোট আবহাওয়া মিলিয়ে জেলাজুড়ে আবারও অস্বস্তি বাড়ছে।