নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
বেআইনি মদের কারবার রুখতে বরাবাজার এলাকায় সাফল্য পেল পুলিশ ও আবগারি দফতর। চোলাই মদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে রবিবার সকালে বরাবাজার আবগারি সার্কেলের আধিকারিকদের সাথে নিয়ে একটি যৌথ অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ। ওই অভিযানে ২০০ লিটার চোলায় বাজেয়াপ্ত হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাবাজার থানার সিন্দরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুদলং, বাবুইঝোর এবং ফুলঝোর গ্রামে এই বিশেষ অভিযানটি চালানো হয়। যৌথ এই অভিযানে শামিল ছিলেন সিন্দরি আউটপোস্টের পুলিশ কর্মী এবং বরাবাজার আবগারি সার্কেলের পদস্থ আধিকারিকরা।
অভিযান চলাকালীন ওই গ্রামগুলি থেকে আনুমানিক ২০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয় বলে পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে।
পরে আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনে ঘটনাস্থলেই উদ্ধার হওয়া সমস্ত চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এলাকাকে সম্পূর্ণ চোলাই মুক্ত করতে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।