অন্যান্য শহর

পুরুলিয়ার নিজস্ব সংস্কৃতি মিশে গেলো বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য প্রভাতফেরিতে

ডিএফও অঞ্জন গুহ‌ জানান, "ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি বিশেষ যৌথ প্রকল্প রয়েছে। প্রকল্পটির নাম 'একটি গাছ মায়ের নামে' পুরুলিয়া জেলায় এই কর্মসূচির সূচনায় জেলাশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে একটি 'প্রভাত ফেরি' আয়োজন করা হয়েছে''।
পুরুলিয়ার নিজস্ব সংস্কৃতি মিশে গেলো বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য প্রভাতফেরিতে

সুইটি চন্দ্র ও‌ শুভদীপ মাহাতো: পুরুলিয়া:

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরুলিয়া  বনবিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরিটি  প্রশাসনিক ভবন থেকে  শুরু করে পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করলো। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় দেশজুড়ে শুরু হওয়া 'একটি গাছ মায়ের নামে' এই বিশেষ পরিবেশবান্ধব প্রকল্পেরই আনুষ্ঠানিক সূচনা হলো পুরুলিয়া জেলায়।

জেলাশাসক সুধীর  কোন্থম বলেন,"বিশ্ব পরিবেশ দিবসে সারাদেশে ও বিশ্বব্যাপী এই দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। একটি র‍্যালির আয়োজন করা হয়েছে, যাতে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ অংশ নিয়েছেন। এই র‍্যালির মূল উদ্দেশ্য হলো বিশ্ব পরিবেশ রক্ষার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া।"

ডিএফও অঞ্জন গুহ‌ জানান, "ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রীর একটি বিশেষ যৌথ প্রকল্প রয়েছে। প্রকল্পটির নাম 'একটি গাছ মায়ের নামে' পুরুলিয়া জেলায় এই কর্মসূচির সূচনায় জেলাশাসক  এবং পুলিশ সুপারের  উপস্থিতিতে একটি 'প্রভাত ফেরি'  আয়োজন করা হয়েছে''।
তিনি আশা প্রকাশ করেন যে, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলা এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে।
তিনি সকলের প্রতি আহ্বান জানান, যেন প্রত্যেকে এগিয়ে আসেন এবং নিজের মায়ের নামে অন্তত একটি করে গাছ লাগান। এর মাধ্যমে আমাদের পৃথিবীকে আরও সবুজ ও সুন্দর করে তোলাই তাঁর মূল বার্তা।

প্রভাতফেরির নেতৃত্ব দেন জেলা শাসক সুধীর কোন্থম, ডিএফও  অঞ্জন গুহ , এডিএফও সায়নী নন্দী, বনবিভাগের অন্যান্য আধিকারিক, পুলিশ সুপার বৈভব তেওয়ারি  সহ অন্যান্য   আধিকারিকেরা। প্রভাত ফেরিতে তাঁদের হাতে ছিলো 'একটি গাছ মায়ের নামে'  লেখা ব্যানার।  সকলের পরনে ছিল সাদা টিশার্ট ও টুপি। এছাড়াও এই পদযাত্রায় অংশ নেন  আদিবাসী নৃত্যশিল্পী ও ধামসা-মাদল বাদকরা। নিজেদের  ঐতিহ্যবাহী পোশাকে সেজে পরিবেশ সচেতনতার বার্তাকে আরও আকর্ষণীয় করে তোলেন তাঁরা। পুরুলিয়ার সংস্কৃতির সঙ্গে মিশে গেলো পরিবেশের ভারসাম্য রক্ষার ভাবনা। সবুজায়নের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।