অন্যান্য

'একটি গাছ মায়ের নামে' কর্মসূচি সুপার হিট পুরুলিয়া জুড়ে

সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরিবেশের এক জ্বলন্ত বাস্তবতাকে তুলে ধরেন বলেন,"আজকের দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত 'গাছ লাগান প্রাণ বাঁচান' এবং 'একটি গাছ মায়ের নামে'। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু গাছ লাগানোই শেষ কথা নয়‌ আসল কাজ হলো সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা।"
'একটি গাছ মায়ের নামে' কর্মসূচি সুপার হিট পুরুলিয়া জুড়ে

 

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

বিশ্ব পরিবেশ দিবসে কেবল আনুষ্ঠানিক গাছ লাগানো নয়, বরং সেই গাছকে বাঁচিয়ে রেখে সবুজ পৃথিবী ও বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষার এক জোরালো আহ্বান শোনা গেল পুরুলিয়ায়। শুক্রবার বিশ্ব সবুজায়নের অংশ হিসেবে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচির মাধ্যমে সেজে উঠল পুরুলিয়া শহরের অদূরে অবস্থিত সুরুলিয়া মিনি জু।

এদিনের অনুষ্ঠানটি কেবল একটি সরকারি কর্মসূচির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে, হয়ে উঠেছিল পরিবেশ সচেতনতার এক বড় মঞ্চ। যেখানে একাসনে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রশাসনের শীর্ষকর্তাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপি বিধায়ক জলধর মাহাতো ও লবসেন বাস্কে। এছাড়াও প্রশাসনিক স্তরে উপস্থিত ছিলেন জেলাশাসক সুধীর কোন্থাম, জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি, অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়া বন বিভাগের বনাধিকারীক অঞ্জন গুহ সহ সৈনিক স্কুলের প্রিন্সিপাল ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি গভীর সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। পরে সুরুলিয়া মিনি জু প্রাঙ্গণেই চলে চারাগাছ রোপণ উৎসব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পরিবেশের এক জ্বলন্ত বাস্তবতাকে তুলে ধরেন বলেন,"আজকের দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত 'গাছ লাগান প্রাণ বাঁচান' এবং 'একটি গাছ মায়ের নামে'। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু গাছ লাগানোই শেষ কথা নয়‌ আসল কাজ হলো সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখা।"

সাংসদ আরও মনে করিয়ে দেন যে, নির্বিচারে গাছ কাটার ফলে আজ জঙ্গল ও বন্যপ্রাণীরা চরম সংকটে।