নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
ফের পথ দুর্ঘটনায় রক্তাক্ত হল পুরুলিয়া–জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়ক। সোমবার সকালে বলরামপুর থানার শ্যামনগর ওভারব্রিজের কাছে একটি ট্রেলার ধাক্কা মারলো অটোকে। মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন আরও চার জন। মৃতের নাম আদিত্য মাঝি (৩৪)। বাড়ি আড়শা থানার কৌরাং গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। সেই সময় জামশেদপুর থেকে যাত্রী নিয়ে বলরামপুরের দিকে আসছিল একটি অটোরিকশা। শ্যামনগর ওভারব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে অটোটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। অটোচালক-সহ পাঁচ জন গুরুতর জখম হন।
খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকলকে পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসকেরা আদিত্য মাঝিকে মৃত বলে ঘোষণা করেন।
আহতদের মধ্যে রয়েছেন কৌরাং গ্রামের লক্ষীরাম মাঝি, ঝাড়খণ্ডের চান্ডিলের বাসিন্দা দেবী কুমারী, টাটার পারডি এলাকার অটোচালক মঙ্গল সিং সর্দার এবং আড়শা থানার চাটুহাঁসা গ্রামের বুড়া টুডু। তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রেলারটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।