নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
রাতের অন্ধকারে শিশু শিক্ষা কেন্দ্রের তালা ভেঙে থালা, বাসন চুরির অভিযোগ উঠল পুঞ্চা থানার বাহাদুরপুর শিশু শিক্ষা কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে শিশু শিক্ষা কেন্দ্র খোলার সময় ঘটনাটি নজরে আসে। ওই কেন্দ্রের মুখ্য সহায়িকা স্মৃতিকণা মাহাতো পুলিশকে জানান, বুধবার সকালে ওই কেন্দ্রে রান্না করে সমস্ত বাসনপত্র ঠিকঠাক করে রেখে তালা দিয়ে বাড়ি ফেরেন। তবে বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রে গিয়ে তিনি দেখেন রান্না ঘরের দরজায় তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে ভেতরে ঢুকে দেখেন রান্নার যাবতীয় সরঞ্জাম সহ শিশুদের জন্য থাকা পাঁচ কেজি চালও দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে। তারপরেই পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সহায়িকা। অভিযোগের ভিত্তিতে পুঞ্চা থানার পুলিশ একটি চুরির মামলা রুজু করে তদন্তে নেমেছে।