সুইটি চন্দ্র, পুরুলিয়া:
শহর ও আশপাশের এলাকায় বেশ কিছু দিন ধরেই আচমকা উধাও হয়ে যাচ্ছিল সাধের মোবাইল ফোন। একের পর এক অভিযোগ জমা পড়ছিল থানায়। অবশেষে সেই আন্তঃজেলা মোবাইল চোর চক্রের পর্দাফাঁস করল পুরুলিয়া জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের দুই মূল পাণ্ডাকে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে শতাধিক চোরাই মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের নাম ঘনশ্যাম কুমার এবং মনোরঞ্জন মাঝি। তাদের দু’জনেরই বাড়ি পুরুলিয়ার আড়শা থানার অন্তর্গত পাতুয়াড়া গ্রামে।
দীর্ঘদিন ধরে চলা নজরদারির পর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুরুলিয়া পুলিশ। দু’জনকে হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে। ধৃতদের ডেরা ও লুকানো স্থান থেকে পুলিশ মোট ১০৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। কেবল মোবাইলই নয়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩টি ল্যাপটপ এবং নগদ ৬৫ হাজার টাকা।
পুলিশ সুপার কুমার শানি রাজ বলেন,
"আমরা এই চক্রের দু’জন মূল পাণ্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে ১০৫টি মোবাইল, ৩টি ল্যাপটপ এবং নগদ ৬৫ হাজার টাকা উদ্ধার করা গেছে। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই চোরাই ফোনগুলি কোথায় কোথায় পাচার করা হতো তা জানার চেষ্টা চলছে।"
পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে পকেটমারি বা সুযোগ বুঝে ফোন হাতানোর কাজ করত। উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। পাশাপাশি, ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরা করে এই চোর চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানা সম্ভব হবে এবং আরও কিছু খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা যাবে।