নিজস্ব প্রতিনিধি, আড়শা:
স্কুলে বিজ্ঞান বিভাগ পুনরায় চালুর দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিল সিরকাবাদ অঞ্চল কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার আড়শা ব্লকের সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই স্মারকলিপি দেওয়া হয় । তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পঠনপাঠন বন্ধ থাকায় এলাকার বহু পড়ুয়া সমস্যার মুখে পড়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক ছাত্রছাত্রীর পক্ষে দূরের বিদ্যালয়ে গিয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। তাই দ্রুত বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর ব্যবস্থা করা হোক।
আড়শা ব্লকে ন'টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই স্কুলগুলির মধ্যে বিজ্ঞান বিভাগ রয়েছে সিরকাবাদ, রাঙামাটি, মুদালি ও কান্টাডিতে । অভিযোগ,২০১৫ সাল থেকে সিরকাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের অভাবে বিজ্ঞান বিভাগ বন্ধ রয়েছে। তারপরেই সমস্যায় পড়েছে এলাকার পড়ুয়ারা। বিজ্ঞান পড়ার জন্য যোগ্যতা ও ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না।এই বিভাগ নিয়ে পড়তে হলে দূরের স্কুলে পড়তে হচ্ছে।
অভিভাবকদেরও দাবি, বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ পুনরায় চালু হলে এলাকার বহু মেধাবী পড়ুয়া উপকৃত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
কমিটির পক্ষে রাজীব মন্ডল, চিন্ময় কুইরি বলেন," নতুন সরকারের কাছে আবেদন যাতে ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা ভেবে পুনরায় বিজ্ঞান বিভাগ চালু করা হয়। "