নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
ভুয়ো নথিপত্র ব্যবহার করে আদ্রায় প্রকাশ্যে এল এক বিশাল অঙ্কের দুই চাকার গাড়ির ঋণ জালিয়াতির ঘটনা। প্রায় ৭০ লক্ষাধিক টাকার এই অর্থ প্রতারণার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। জালিয়াতির পর্দা ফাঁস করে শো-রুমের মালিককে গ্রেফতার করে ইতিমধ্যেই বড় মাপের তদন্তে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে ধৃতের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ৬ ডিসেম্বর কলকাতার এইচডিএফসি ব্যাংক লিমিটেড-র 'ক্রেডিট ইন্টেলিজেন্স অ্যান্ড কন্ট্রোল'-এর এরিয়া ম্যানেজারের পক্ষ থেকে আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়েছে, 'অভিষেক অটোমোবাইল' নামক একটি শোরুমের স্বত্বাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরা মিলে দুই চাকার গাড়ি কেনার সময় গ্রাহকদের প্রতারণামূলকভাবে প্ররোচিত করেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, অক্টোবর ২০২৪ থেকে আগস্ট ২০২৫-এর মধ্যে অনুমোদিত ৮২টি ঋণ অ্যাকাউন্টের মধ্যে ৬৯টিতেই মারাত্মক গরমিল রয়েছে। এর সঙ্গে জড়িত জালিয়াতির মোট টাকার পরিমাণ ৭০,০৪,৪৯৮ টাকা।
ব্যাঙ্ক সূত্রের দাবি, শো-রুম মালিক ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে জাল নথিপত্র পেশ করে এই ঋণগুলি অনুমোদন করিয়ে নেন। এর ফলে ব্যাঙ্ক যেমন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তেমনই সাধারণ গ্রাহকদের বিশ্বাসভঙ্গও করা হয়েছে।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে আদ্রা থানা ও পুরুলিয়া পুলিশ যৌথভাবে ঘটনার সবিস্তার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক ধৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীদের ভূমিকা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে।