শুভদীপ মাহাত, পুরুলিয়া:
সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস)-এর উদ্যোগে আইকিউএসি এবং পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগিতায় এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। একটি পরিবেশ সচেতনতামূলক র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
এই সুন্দর উদ্যোগকে সফল করতে পুরুলিয়া জেলা বনাধিকারিক অঞ্জন গুহ ৪০০টি চারাগাছ প্রদান করেন। শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী তথা এনএসএস ভলান্টিয়ার, রিসার্চ স্কলার এবং অধ্যাপকরা বাসে করে দ্বিতীয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন। ৫২ একর জায়গা জুড়ে থাকা এই বিশাল দ্বিতীয় ক্যাম্পাসে তাঁরা নিজেরা জায়গা পরিষ্কার করেন এবং প্রায় ১৫০টি চারাগাছ রোপণ করেন। উল্লেখ্য, ভবিষ্যতে এই দ্বিতীয় ক্যাম্পাসে একটি স্পোর্টস কমপ্লেক্স, বিভিন্ন ডিপার্টমেন্ট, প্রশাসনিক বিভাগ তৈরির পরিকল্পনা রয়েছে, তবে ফান্ডের অভাবে তা এখনও হয়ে উঠতে পারেনি।
মেইন ক্যাম্পাসে ৫০টি চারাগাছ লাগানো হয়। মেইন এবং দ্বিতীয় ক্যাম্পাস ছাড়াও পার্শ্ববর্তী সোনাইজুড়ি গ্রামেও এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকে ও ছাত্র-ছাত্রীদের অনেক চারাগাছ দানও করা হয়।
এই উদ্যোগ সম্পর্কে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের এনএসএস-এর কো-অর্ডিনেটর তথা পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সঞ্জয় মন্ডল বলেন, "বর্তমান পরিস্থিতিতে বিশ্ব উষ্ণায়ন পুরো দুনিয়ার জন্য একটি বড় সমস্যা এটাকে কমাতে হবে, এই সমস্যা থেকে রেহাই পেতে হলে যুবসমাজকে এগিয়ে এসে এইরকম আরো কর্মসূচি দৈনন্দিন জীবনে করতে হবে"।
গাছ লাগানোর পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে সকলে আনন্দের সঙ্গে মেইন ক্যাম্পাসে ফিরে আসেন। এরপর সেখানে একটি পরিবেশ সচেতনতা নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় স্তোত্র 'বন্দেমাতরম' দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে ডঃ সঞ্জয় মন্ডল বলেন শিক্ষার্থীদের বৃক্ষ রোপনে সক্রিয় অংশগ্রহণে তিনি অভিভূত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ পবিত্র কুমার চক্রবর্তী মহাশয় বিশেষ দাপ্তরিক কাজের কারণে কলকাতায় থাকায় উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি এই কর্মসূচির সার্বিক সাফল্যের জন্য তাঁর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক অসীম কুমার নাথ এবং কলা বিভাগের ডিন অধ্যাপিকা অর্ণবী সেন। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার ডঃ সম্রাট হাঁসদা, ডঃ কালসোনা পাল, ডঃ গোরাচাঁদ চক্রবর্তী, ডঃ পুনম জ্যোতি মন্ডল, ডঃ চন্দ্রানী চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিত। এই সেমিনারে নিজের প্রাসঙ্গিক বক্তব্যের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের গবেষক সুজিত কুইরি।
সবশেষে, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতার এই সুন্দর ও ইতিবাচক কর্মসূচির সমাপ্তি ঘটে।