নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মৌসুমি বায়ুর প্রভাবে ২৪ জুলাই পুরুলিয়ায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
দিনভর আকাশে ছিল মেঘ রৌদ্রের লুকোচুরি । জেলার বিভিন্ন অংশে মাঝারি বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমেছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট অস্বস্তি পুরোপুরি কাটেনি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকবে। এর জেরে পুরুলিয়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও হতে পারে। ফলে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।