অন্যান্য

বিশ্ব পরিবেশ দিবসে বিজ্ঞান মঞ্চের বিশেষ কর্মসূচি

গাছ কাটার হিড়িক আর বিশ্ব উষ্ণায়নের আবহে পরিবেশ রক্ষা শুধু খাতা-কলমে আটকে না রেখে, তাকে আক্ষরিক অর্থেই এক গণ-আন্দোলনের রূপ দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা।
বিশ্ব পরিবেশ দিবসে বিজ্ঞান মঞ্চের বিশেষ কর্মসূচি

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

গাছ কাটার হিড়িক আর বিশ্ব উষ্ণায়নের আবহে পরিবেশ রক্ষা শুধু খাতা-কলমে আটকে না রেখে, তাকে আক্ষরিক অর্থেই এক গণ-আন্দোলনের রূপ দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখা। বিশ্ব পরিবেশ দিবসের সাতসকালে পুরুলিয়া শহরের রাস্তায় দেখা গেল এক অন্যরকম ছবি।  পরিবেশ বাঁচানোর প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে এলেন শয়ে শয়ে মানুষ।

শুক্রবার হেল্থ হোম থেকে এই সচেতনতা র‍্যালির সূচনা হয়। পা মেলালেন প্রায় শতাধিক পরিবেশপ্রেমী নাগরিক। শহর পরিক্রমা করে র‍্যালিটি যখন সাহেববাঁধের নিকটবর্তী এআইটিএ  হলে এসে শেষ হয়, ততক্ষণে পরিবেশ দিবসের বার্তা পৌঁছে গেছে শহরের অলিতে-গলিতে। র‍্যালি শেষে সেখানেই আয়োজন করা হয়েছিল একটি বসে আঁকো প্রতিযোগিতার। উদ্যোক্তাদের তাক লাগিয়ে দিয়ে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক প্রতিযোগী তুলি-রং হাতে হাজির হয় সেখানে।

সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায় বলেন, "পরিবেশ রক্ষা কোনো একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। নতুন প্রজন্ম যেভাবে আজ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক।"

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সম্পাদক সঞ্জয় অধিকারী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্বের সূচনা হয়। শুধুমাত্র কথার ফুলঝুরি ফুটিয়ে নয়, মঞ্চ চত্বরে প্রথাগতভাবে বৃক্ষরোপণ করে পরিবেশ দিবসের প্রকৃত উদ্দেশ্যকে সার্থক করে তোলা হয়। এরপর স্কুলপড়ুয়াদের প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান,  বিশিষ্টজনেদের বক্তব্যে গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ এক উৎসবের চেহারা নেয়।