নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুঞ্চা থানার পুলিশ। ধৃত যুবকের নাম সমর শবর । তার বাড়ি পুঞ্চা থানা এলাকায়। সোমবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মা অন্যত্র কাজ করেন। ফলে বাড়িতে ঠাকুমার সঙ্গে থাকে বছর ১৪ র ওই কিশোরী । শনিবার রাতে তার ওপর যৌন নির্যাতন চালায় ধৃত যুবক। রক্তাক্ত ও অসুস্থ কিশোরীকে স্থানীয়রা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। ডাক্তারি পরীক্ষার পর যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসে।তারপরেই গোটা বিষয়টি হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়। এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ।