ক্রাইম ব্লক

স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত, খু*নের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আদ্রা থানার বাঘাডাবর এলাকায়। মৃতার নাম কবিতা বাউরি (২৪)। খবর পেয়ে আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্ত্রীর মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত, খু*নের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিনিধি , আদ্রা:

দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আদ্রা থানার বাঘাডাবর এলাকায়। মৃতার নাম কবিতা বাউরি (২৪)। খবর পেয়ে আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।অভিযুক্ত স্বামী জিতেন বাউরিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতেন ও কবিতার মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, শুক্রবার সকালে বচসার জেরে জিতেন তার স্ত্রীকে মারধর করে খুন করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করার ফলেই কবিতার মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন না তদন্তকারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিতেন বাউরি পেশায় শ্রমিক। একসময় তিনি তৃণমূলের বুথ কমিটির নেতা হিসেবেও পরিচিত ছিলেন, যদিও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষ সক্রিয় ছিলেন না।

নিহত কবিতা বাউরির বাপের বাড়ি মৌতোড়ে। দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বড় সন্তানের বয়স আনুমানিক চার থেকে পাঁচ বছর। মায়ের মৃত্যুর ঘটনায় দুই শিশুকে ঘিরে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।