অন্যান্য

বিক্ষিপ্ত বৃষ্টি, গরমের মাঝেই অশনি সংকেত পুরুলিয়ায়

২৬ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি। বৃষ্টিপাত হয়েছে অত্যন্ত সীমিত। গড় বৃষ্টিপাত মাত্র ০.৪৩ মিলিমিটার।
বিক্ষিপ্ত বৃষ্টি, গরমের মাঝেই অশনি সংকেত পুরুলিয়ায়

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

চরম গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টি, আর তার সঙ্গেই নেমে এল মর্মান্তিক দুর্ঘটনা। বজ্রপাতে মৃত্যু হল এক বালকের, আহত আরও তিন জন। রবিবার পুরুলিয়ার পাড়া থানার বৈশ্যাকুলি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

আবহাওয়ার চরম উত্তপ্ত পরিস্থিতির  মাঝেই এই বিপর্যয়। ২৬ এপ্রিল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি। বৃষ্টিপাত হয়েছে অত্যন্ত সীমিত। গড় বৃষ্টিপাত মাত্র ০.৪৩ মিলিমিটার।

কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন কেবল পাড়া ব্লকেই ৫.৬ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ১২টি পর্যবেক্ষণ কেন্দ্রে বৃষ্টির দেখা মেলেনি।

দিনের বেলায় তীব্র গরমের মধ্যেই বিকেলের দিকে পাড়া ব্লক এলাকার কিছু কিছু অংশে মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে। সেই সময়ই বজ্রাঘাতে প্রাণ হারায় বৈশ্যকুলি গ্রামের ওই বালক।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময় তাপমাত্রা বেশি থাকার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়। তার ফলেই হঠাৎ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বা ঝড়ের সৃষ্টি হয়। এই ধরনের পরিস্থিতিতে বজ্রপাতের ঝুঁকিও অনেক বেড়ে যায়।

গরমের দাপটের পাশাপাশি এখন বজ্রপাতের আশঙ্কাও বাড়ছে। তাই খোলা মাঠে কাজ করা বা ঝড়-বৃষ্টির সময় বাইরে থাকা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।