নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
চার বছর আগের এক চাঞ্চল্যকর হামলা মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনালো পুরুলিয়া স্পেশাল কোর্ট। বরাবাজার থানার রাজডি গ্রামের বাসিন্দা সুভাষ কর্মকারকে ভারতীয় দণ্ডবিধির ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার, আদালত তাকে জরিমানা ও কারাদণ্ডের নির্দেশ দেয়।
পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৩০ জুন। ওই দিন সকাল নাগাদ রাজডি গ্রামের এক বাসিন্দার মেয়ে নিকটবর্তী একটি পুকুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে হঠাৎই তাঁর ওপর অতর্কিতে হামলা চালায় প্রতিবেশী যুবক সুভাষ কর্মকার। হামলায় মারাত্মকভাবে আহত হন ওই যুবতী।
ঘটনার পরই নির্যাতিতার বাবা বরাবাজার থানায় সুভাষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনার গুরুত্ব বুঝে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কড়া নজরদারিতে মামলার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর লক্ষ্মীকান্ত পতি। তদন্ত শেষে দ্রুত আদালতে চার্জশিট পেশ করে পুলিশ।
মঙ্গলবার স্পেশাল কোর্টের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় দেন যে, বিচার চলাকালীন অভিযুক্ত যে সময়টুকু জেল হেফাজতে কাটিয়েছেন, সেটিকে তার কারাদণ্ডের মেয়াদ হিসেবে গণ্য করা হবে। এর পাশাপাশি অভিযুক্তকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছে আদালত।