নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
পঁচিশ বছরের পথ চলায় নতুন সম্ভাবনার দিশা পেল পঞ্চকোট মহাবিদ্যালয়। কলেজের পরিকাঠামো উন্নয়নে ২৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার সরবড়ি মোড়ের এই শিক্ষাপ্রতিষ্ঠান প্রবেশ করল রজত জয়ন্তী বর্ষে।
দিনটির বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পবিত্রকুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা মৌমিতা মণ্ডল, স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারপার্সন সাধনা খাওয়াস, নিতুড়িয়ার বিডিও প্রবীরকুমার সিনহা, কলেজ পরিচালন সমিতির সভাপতি অমরচন্দ্র মাঝি সহ বহু গণ্যমান্য ব্যক্তি।

অনুষ্ঠান শুরু হয় স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে। এরপর পতাকা উত্তোলন ও অতিথিদের জনজাতি নৃত্যের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। চলে নানা সাংস্কৃতিক পরিবেশনা। শুক্রবারও থাকছে একাধিক অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ সপ্তর্ষি চক্রবর্তী জানান, শুধু দুই দিনের অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না উৎসব। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী এক বছর ধরে চলবে সেমিনার, আলোচনা চক্র সহ নানা কার্যক্রম।
এদিন কলেজ প্রাঙ্গণে ২৫টি চন্দন গাছ রোপণ করে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখলেন কর্তৃপক্ষ।









Post Comment