নিজস্ব প্রতিনিধি, হুড়া:
পুরুলিয়ার হুড়া থানার লক্ষণপুর এলাকার এক বেসরকারি আবাসিক স্কুলে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল পিউ মাহাতো (১০) নামে এক ছাত্রীর। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতার বাড়ি হুড়া থানার কুলাবহাল গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পিউ স্থানীয় ওই আবাসিক স্কুলে থেকে পড়াশোনা করত। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার তার পরিবার তাকে স্কুলে পৌঁছে দিয়ে যায়। রাতের খাবারের পর সে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করে। প্রাথমিকভাবে স্কুল কর্তৃপক্ষ কিছু ওষুধ দেয় তাকে। তবে শনিবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে, তাকে দ্রুত হুড়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পিউকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হুড়া থানার পুলিশ স্কুলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।










Post Comment