নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
পুরুলিয়া জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শহরের আমডিহা দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘পুরুলিয়া জেলা যোগাসন দল বাছাই পর্ব – ২০২৫’। উৎসাহ, উদ্দীপনা আর শৃঙ্খলাবদ্ধ আয়োজনে দিনভর এই নির্বাচনী পর্বে অংশ নিল জেলার নানা প্রান্ত থেকে আগত তরুণ যোগাবিদরা। আয়োজনের মূল লক্ষ্য—আগামী ১৫ থেকে ১৭ আগস্ট মেদিনীপুরে অনুষ্ঠিতব্য ৫২তম রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপ-এর জন্য জেলার প্রতিনিধি দল গঠন।
ঝালদা, আদ্রা, পুরুলিয়া টাউন, বাঘমুন্ডি ও রঘুনাথপুর সহ একাধিক ব্লক থেকে আগত অ্যাফিলিয়েটেড ইউনিটের নির্বাচিত ছাত্রছাত্রীরা এদিনের ট্রায়ালে অংশ নেয়। তাদের মধ্যে থেকে প্রথম চারজন সেরা পারফর্মারকে রাজ্য পর্যায়ের আসরে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।
পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বাছাই পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা টিংকু প্রসাদ গুপ্তা, সভাপতি অধ্যাপক ডঃ পঙ্কজ সরকার, সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার (ময়না), সম্পাদক সৌমেন মুখার্জি , প্রশিক্ষক রবি মোদক , বিশিষ্ট সাংবাদিক দীপেন গুপ্ত ও সংস্থার কার্যকরী সদস্য সঞ্জীব সেঠ।
অনুষ্ঠান শেষে পুরুলিয়া জেলা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা তথা রাজ্যের ক্রীড়াঙ্গনে যোগাসনের প্রসারে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার বলেন, “যোগা শুধু খেলা নয়, এটি একটি জীবনধারা। আমাদের লক্ষ্য যোগাবিদদের আরও পরিশীলিত প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরা।”











Post Comment