insta logo
Loading ...
×

মানবাজারেও আন্ত্রিক,গ্রামে স্বাস্থ্য কর্তা

মানবাজারেও আন্ত্রিক,গ্রামে স্বাস্থ্য কর্তা

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

বর্ষা শেষে পুরুলিয়ায় ফের আন্ত্রিক রোগের প্রকোপ বাড়ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরাবাজার থানার রাইডি, বলরামপুর ব্লকের সালনী ও তেঁতলো এবং মানবাজার-১ ব্লকের পাথরকাটা গ্রাম মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮১ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল প্রতিটি এলাকায় গিয়ে জল নমুনা সংগ্রহের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে প্রচার চালাচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অশোক কুমার বিশ্বাস জানান, “আন্ত্রিক এই জেলায় নতুন নয়। বর্ষার সময় এর প্রকোপ বাড়ে। তাই আক্রান্ত গ্রামগুলিতে নিয়মিত আমাদের কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংক্রমণের উৎস চিহ্নিত করে ব্লক ও জেলা প্রশাসনকে জানানো হচ্ছে।”
স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে, টানা বৃষ্টির জেরে জেলার বহু জায়গায় জলস্তর বেড়ে যাওয়ায় কুয়ো ও টিউবওয়েলের জলে পার্শ্ববর্তী পুকুর-ডোবার নোংরা জল মিশে যাচ্ছে। সেই জল পান করা, বাসন মাজার কাজে ব্যবহার করা এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে সংক্রমণ বাড়ছে। পাশাপাশি শৌচালয় ব্যবহার না করা এবং হাত ধোয়ার অভ্যাস না থাকাও রোগ ছড়ানোর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
শনিবার রাইডি গ্রামে সৌরচালিত পানীয় জলের পাম্পে ব্লিচিং দেওয়ার পর ওই জল ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে মানবাজারের পাথরকাটা গ্রামে টিউবওয়েলের জল থেকেও সংক্রমণ ছড়ানোর প্রমাণ মিলেছে। এদিন সেখানে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যান জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) ডা. মহুয়া মহান্তি। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সচেতনতা বৃদ্ধির নানা পরামর্শ দেন।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন আক্রান্ত এলাকাগুলিতে টিম গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেবে।

Post Comment