সুইটি চন্দ্র, পুরুলিয়া:
তথাকথিত অলৌকিক শক্তির নামে প্রতারণা ও কুসংস্কার রুখতে পশ্চিমবঙ্গে ব্ল্যাক ম্যাজিক বিরোধী আইন প্রণয়নের দাবিতে সরব হলো বিজ্ঞানমনস্ক সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি।
শুক্রবার পুরুলিয়া শহরের কোর্ট চত্বরে সংগঠনের পক্ষ থেকে একটি জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা ‘বুজরুকি নিষিদ্ধকরণ আইন’, ‘কালা জাদু বিরোধী আইন চাই’ এই দাবিতে প্রচার চালান ও সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন।
সংগঠনের জেলা নেতৃত্ব জানান, মহারাষ্ট্র, কর্ণাটক ও উড়িষ্যার মতো রাজ্যে ব্ল্যাক ম্যাজিক বিরোধী আইন থাকলেও পশ্চিমবঙ্গে এখনও এমন কোনও আইন কার্যকর হয়নি। এর ফলে প্রতিদিনই ডাইনি অপবাদে মহিলাদের উপর অত্যাচার, অলৌকিক শক্তির ভুয়ো দাবিতে অসহায় মানুষকে প্রতারণা, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। কিছু তথাকথিত অলৌকিক ক্ষমতাধারী ব্যক্তি সাপে কাটা রোগীর চিকিৎসার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, কিন্তু উপযুক্ত আইন না থাকায় পুলিশের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না।

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির দাবি, কালা জাদু বিরোধী আইন প্রণয়নের মাধ্যমে বহু মানুষকে কুসংস্কার, প্রতারণা ও সহিংসতা থেকে রক্ষা করা সম্ভব হবে। সেই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে যাতে তারা রাজ্য বিধানসভায় এই আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা নেন। পুরুলিয়া জেলার বিধায়কদের কাছেও আলাদা করে আবেদন জানানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা শাখার সম্পাদক তথা পদার্থবিদ্যার শিক্ষক পাপুল প্রতিহার, সহ-সভাপতি স্বদেশপ্রিয় মাহাত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভার মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা প্রসারের বার্তা পৌঁছে দেওয়ারও চেষ্টা করেন।











Post Comment