নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
সব বিপ্লব কি মহানগরের জন্য?
গ্রাম কি পড়ে পাওয়া চৌদ্দ আনা?
জঙ্গলমহলের প্রান্তিক জেলা পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ হলেও এখনও কাজে যোগ দেননি চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। উল্লেখ্য উক্ত চিকিৎসক আর জি কর আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন। গত ২৭ মে স্বাস্থ্য দফতর যে আদেশনামা প্রকাশ করেছে তাতে পুরুলিয়া মেডিকেল কলেজে সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দিতে বলা হয়েছে ওই ডাক্তারবাবুকে। কিন্তু যোগ দেননি তিনি। ফলে বিষয়টি ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জেলার স্বাস্থ্য মহলে। চিকিৎসকের গায়ে লেগেছে ‘গ্রাম-বিমুখ’ তকমা।
গত ২৭ মে স্বাস্থ্য দফতরের একটি আদেশনামা অনুযায়ী, ইএনটি বিভাগের এই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিযুক্ত করা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তিনি কাজে যোগ দেননি বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ডা. সুকোমল বিষয়ী। তিনি বলেন, “২৭ তারিখ আদেশনামা হয়েছে। ওই আদেশনামা অনুযায়ী যাঁর এখানে যোগ দেওয়ার কথা, তিনি এখনও যোগ দেননি। বিধি অনুযায়ী, কাজে যোগ না দিলে সরকারের কাছে জরিমানা দিতে হবে।”
বিধি অনুযায়ী, ‘বন্ড পিরিয়ড’-এর আওতায় সিনিয়র রেসিডেন্টদের শহর ও গ্রাম-উভয় ধরনের হাসপাতালেই তিন বছর কাজ করা বাধ্যতামূলক। সেই নিয়ম অনুযায়ী এই চিকিৎসকের প্রতি বছর ১০ লক্ষ টাকা করে তিন বছরে মোট ৩০ লক্ষ টাকা জরিমানা ধার্য হতে পারে। জানা গিয়েছে, সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাঁর নির্ধারিত বেতন ৮৫ হাজার টাকা।
ঘটনাটি সামনে আসতেই চিকিৎসকমহল ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে চিকিৎসককে কটাক্ষ করে অনেকে প্রশ্ন তুলেছেন—কেন প্রান্তিক অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবাকে অবহেলা করা হচ্ছে?
প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য তথা রঘুনাথপুর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডা. কিংশুক কর্মকার এই বিষয়ে বলেন, “এই পেশায় কাজ করার সময় আমরা শপথ করি—যেখানে পাঠানো হবে সেখানে কাজ করব। চিকিৎসা কি শুধু শহরকেন্দ্রিক হবে? পুরুলিয়ার মতো প্রান্তিক জেলায় যদি চিকিৎসকরা না আসেন, তাহলে এখানকার মানুষ চিকিৎসা পাবে কীভাবে? আমরা তো কাজ করছি। এখানকার চিকিৎসকদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। যদি তিনি কাজে যোগ দিতেন, অনেক মানুষ উপকৃত হতেন।”
প্রশ্ন উঠেছে, নিয়ম থাকলেও, সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেও কেন অনেক চিকিৎসক গ্রামীণ এলাকাকে এড়িয়ে চলেন?











Post Comment