insta logo
Loading ...
×

পুরুলিয়ায় রেকর্ড বৃষ্টি, জারি কমলা সতর্কতা, মৃত্যু

পুরুলিয়ায় রেকর্ড বৃষ্টি, জারি কমলা সতর্কতা, মৃত্যু

সুজয় দত্ত , পুরুলিয়া :

প্রবল বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা। মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মানবাজার থানার মাকড়কেন্দি গ্রামে। মৃতের নাম মনজুড়া মাহাত ওরফে ভীম (৫৯)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নিজের মাটির বাড়িতে ঘুমোচ্ছিলেন তিনি। রাতভর টানা বর্ষণে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে যান মনজুড়া। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন।

মৌসুমি ঘূর্ণাবর্ত ও সক্রিয় অক্ষরেখার জোড়া প্রভাবে কার্যত ভেসে গেল পুরুলিয়া। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঝড়বৃষ্টির দাপটে জেলার একাধিক এলাকায় স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ওড়িশা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্য দিকে, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া, দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এই জোড়া প্রভাবেই শুক্রবার জুড়ে জেলার আকাশ ফুঁসে উঠেছিল।

বিভিন্ন ব্লকে টানা বৃষ্টিপাতের ফলে শুক্রবার জেলার গড় বৃষ্টি দাঁড়িয়েছে ৮০.৩৩ মিমি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়— ২৭৫.২ মিমি। জয়পুরে বৃষ্টি হয়েছে ২৩২.৮ মিমি। পুরুলিয়ার অন্য ব্লকগুলিতেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে— বাঘমুন্ডিতে ৯৮.২ মিমি, পুঞ্চায় ৬৩.৬ মিমি, সাঁতুড়িতে ৫২.৪ মিমি, হাতোয়াড়ায় ৫৪.৫ মিমি, নিতুরিয়ায় ৪৭.৮ মিমি, মানবাজারে ৪৫ মিমি, বলরামপুরে ৪৩.২ মিমি, পাড়ায় ৩৮.৮ মিমি, বরাবাজারে ৩৮.২ মিমি, কাশীপুরে ২৫.৪ মিমি এবং হুড়ায় ২৯.২ মিমি।

আবহাওয়া দফতর ইতিমধ্যেই শুক্রবার ও শনিবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবার পুরুলিয়ার পাশাপাশি পশ্চিম বর্ধমান ও বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং আগামী বুধবার পর্যন্ত দুর্যোগ বজায় থাকবে বলে দফতরের পূর্বাভাস।

পুরুলিয়া জেলায় ২১.০৮.২০২৫ তারিখের বৃষ্টিপাতের পরিসংখ্যান :

১. হাতোয়াড়া – ৫৪.৫ মি.মি.
২. জয়পুর – ২৩২.৮ মি.মি.
৩. ঝালদা – ২৭৫.২ মি.মি.
৪. বাঘমুণ্ডি – ৯৮.২ মি.মি.
৫. মানবাজার – ৪৫.০ মি.মি.
৬. বলরামপুর – ৪৩.২ মি.মি.
৭. বরাবাজার – ৩৮.২ মি.মি.
৮. নিতুড়িয়া – ৪৭.৮ মি.মি.
৯. সাঁতুড়ি – ৫২.৪ মি.মি.
১০. পুঞ্চা – ৬৩.৬ মি.মি.
১১. হুড়া– ২৯.২ মি.মি.
১২. কাশীপুর – ২৫.৪ মি.মি.
১৩. পাড়া – ৩৮.৮ মি.মি.

গড় বৃষ্টিপাত – ৮০.৩৩ মি.মি.

তাপমাত্রা :
সর্বাধিক – ৩০.৫°সে.
সর্বনিম্ন – ২৩.১°সে.

Post Comment