insta logo
Loading ...
×

ঝালদায় হাতির হামলায় মৃত বৃদ্ধার ময়নাতদন্ত শনিবার, তারপরে ক্ষতিপূরণ

ঝালদায় হাতির হামলায় মৃত বৃদ্ধার ময়নাতদন্ত শনিবার, তারপরে ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


বন–মানুষ সংঘাতের মর্মান্তিক ছবি উঠে এল ঝালদার ডাকাই গ্রামে। খামার বিট এলাকার খামার জঙ্গলে হাতির আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধা মহিলা। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মৃতার নাম বাসবালা গোপ (৬২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ ডাকাই গ্রামের পাঁচজন মহিলা গ্রামের পাশের খামার জঙ্গলে গবাদি পশুর খাদ্য ও শুকনো কাঠ সংগ্রহ করতে যান। সেই সময় জঙ্গলের মধ্যেই ওত পেতে থাকা একটি দাঁতালের মুখোমুখি পড়ে যান তারা। হঠাৎ বিপদের আঁচ পেয়ে ৪ জন মহিলা কোনরকমে পালাতে সক্ষম হলেও, হাতির আক্রমণের শিকার হন বাসবালা গোপ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি শুঁড় দিয়ে তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালাতে গিয়ে গুরুতর আহত হন অপর মহিলা সরলা শিকারি। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখন জঙ্গলে যেতে ভয় পাচ্ছেন গ্রামের মানুষজন। ঝালদা, বাঘমুন্ডি ও অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকা এবং ঝাড়খণ্ড সীমান্ত মিলিয়ে প্রায় ৪১টি হাতির উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ভরা পর্যটন মরশুমে এত বিপুল সংখ্যক হাতির উপস্থিতিতে চাপের মুখে পড়েছে পুরুলিয়া বনবিভাগ।

এদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গ্রামবাসীরা। পরে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা সেখানে আসেন। তবে এলাকায় হাতির উপস্থিতির কারণে মৃতদেহ উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে শুক্রবার ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। শনিবার ময়নাতদন্ত হওয়ার কথা।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি, ঝালদা রেঞ্জের রেঞ্জার সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিকরা। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও, গ্রামবাসীদের প্রশ্ন—আর কত প্রাণ গেলে তারপর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে?
ক্রমশ বাড়তে থাকা হাতির উপদ্রব এবং জীবিকার তাগিদে জঙ্গলের উপর মানুষের নির্ভরতা—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ঝালদার গ্রামাঞ্চল আজ গভীর অনিশ্চয়তার মুখে।

Post Comment