নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জমি সংক্রান্ত পুরনো বিবাদ থেকেই কি শিমুলিয়ার যুবক আলাউদ্দিন আনসারিকে পরিকল্পিত ভাবে খুন করা হল? এই প্রশ্নকে সামনে রেখে তদন্ত শুরু করেছে টামনা থানার পুলিশ। মৃত যুবকের বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে চার জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিকালে আলাউদ্দিন আনসারি বাড়ি থেকে বেরোনোর সময় জানিয়েছিলেন, শিমুলিয়া মোড় এলাকায় তাদের পারিবারিক টায়ার দোকানের জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে। অভিযোগ, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। শুক্রবার বিকেলে অভিযুক্তদের সঙ্গে একটি ‘পার্টি’ বা বৈঠকের কথা বলে বাড়ি থেকে বার হন আলাউদ্দিন। এরপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
রাত গভীর হওয়ার পর শিমুলিয়া বাইপাস রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে থাকার খবর পায় টামনা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গুরুতর জখম অবস্থায় আলাউদ্দিন আনসারিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। মৃতের বোন মঞ্জুর আনসারির অভিযোগ, তার দাদার শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত বিরোধের জেরেই আলাউদ্দিনকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে খুন করা হয়েছে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।











Post Comment