নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
জঙ্গলমহল পুরুলিয়ার লোকসংস্কৃতির ভাণ্ডারে নতুন করে উজ্জ্বল হয়ে উঠছে নারী শিল্পীদের উপস্থিতি। দীর্ঘদিন পুরুষশাসিত ছৌ নৃত্যের মঞ্চে এখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসছেন জেলার মহিলারা। এই সাংস্কৃতিক পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের পথে উল্লেখযোগ্য ভূমিকা নিল অমর মাতৃভূমি ফার্ম হাউস।
মানবাজার ১ নম্বর ব্লকের অন্তর্গত চাপাতিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নারী ছৌ শিল্পীদের উৎসাহিত করতে গঠিত দলের শিল্পীদের সম্মান জানানো হয়। অমর মাতৃভূমি ফার্ম হাউস-র উদ্যোগে এবং রাকেশ বিশ্বাসের আন্তরিক প্রচেষ্টায় গঠিত এই নারী ছৌ দল বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে অনুষ্ঠান পরিবেশন করছে।
এই অনুষ্ঠানে শিল্পীদের মনোবল বাড়াতে শ্রীমদ রাজচন্দ্র মিশন-র ‘লাভ অ্যান্ড কেয়ার’ শাখার পক্ষ থেকে মানবিক সহায়তার নিদর্শন হিসেবে ২০ জন মহিলা ছৌ শিল্পীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক
অমিতাভ মিশ্র বলেন,
“পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ছৌ নাচকে বাঁচিয়ে রাখতে আজ যেভাবে মহিলা শিল্পীরা এগিয়ে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই শিল্পীরা শুধু নাচ করছেন না, তাঁরা আমাদের সংস্কৃতিকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সমস্ত শিল্পীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক কর্তব্য।”
নারী শক্তি, ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধনে এই উদ্যোগ নিঃসন্দেহে সংস্কৃতি রক্ষার পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত।











Post Comment