নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ছয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত লম্বোদর মাহাতোকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের বিচারক রানা দাম। একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্যাতিতা নাবালিকাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার সরকারি আইনজীবী অনন্ত ব্যানার্জি জানান, ২০২০ সালের ২৮ ডিসেম্বর বোরো থানা এলাকায় রাস্তায় খেলছিল তিন নাবালিকা। ওই সময় অভিযুক্ত পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ডেকে নিয়ে যায়। এরপর একটি নাবালিকাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে নির্যাতনের চেষ্টা করে। তবে বাইরে থাকা বাকি দুই নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত নাবালিকাকে ছেড়ে দেয়।
ঘটনার পর নাবালিকার মা বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত লম্বোদর মাহাতোকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানির পর মঙ্গলবার আদালত রায় ঘোষণা করে।











Post Comment