insta logo
Loading ...
×

কেড়ে নেওয়া সিঁদুরে শপথ ভারতের

কেড়ে নেওয়া সিঁদুরে শপথ ভারতের

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

জঙ্গিরা কেড়ে নিয়েছে জয়া দেবীর সিঁথির সিঁদুর। আর তারই বদলা নিতে ভারতীয় সেনা জঙ্গি দমনে শুরু করল ‘অপারেশন সিঁদুর’। বিধ্বস্ত পাক অধিকৃত কাশ্মিরের একের পর এক জঙ্গি ঘাঁটি।

এই আবহে কাশ্মিরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রর ঝালদার বাড়ির সদর দরজায় বাঁদিকে উড়ছে জাতীয় পতাকা।

বুধবার সকালে আনমনা হয়ে ঘুরে বেড়াতে দেখা গেল ১২ বছরের ছেলে সায়ন। সদ্য বাবাকে হারিয়ে এখনও স্বাভাবিক হতে পারেনি সে। পাক অধিকৃত কাশ্মীর, জঙ্গি নিকেশ, অপারেশন সিঁদুর- এত কিছু সায়ন না জানলেও একটা কথা জানে ‘শত্রু পাকিস্তান।’

সায়ন বলে, ” বাবা সেদিন গুলির আওয়াজ শুনে ১০-১২ জনকে বাঁচিয়েছিল। আমরাও খানিকটা দূরে চলে যেতে পেরেছিলাম। কিন্তু জঙ্গিরা বাবাকে দেখে নেওয়ায় গুলি করে মেরে দেয়। ওই জঙ্গিরা পাকিস্তানের। আমি চোখের সামনে দেখি বাবা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লো। বাবা আর কোনদিন ফিরবে না। আমাদের মত অবস্থা যেন আর কারো না হয়।”

চোখের জল মুছতে মুছতে দরজার গ্রিলের গেট থেকে উঠোন দিয়ে ঘরের ভেতরে চলে যায় সায়ন।

মনীশের বাবা মঙ্গলেশ মিশ্র বলেন, ” জঙ্গি নিকেশ শুরু হয়েছে ভালো খবর। সরকারের কাছে একটাই প্রার্থনা। যেন এ সব থিতিয়ে না যায়। বয়স হয়েছে অনেকটাই। তাই মৃত্যুর আগে দেখে যেতে চাই কাশ্মীর এলাকায় জঙ্গি একেবারে শেষ হয়েছে। “

জঙ্গি দমনের এমন উত্তেজক খবর শুনেও মনীশের স্ত্রী জয়া দেবী নিজেকে ঘরবন্দি করেই রেখেছেন।

“পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিলে শুধু হবে না। এ দেশের মাটিতে বসবাস করে যারা জঙ্গিদের মদত দিচ্ছে তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে কেন্দ্র সরকারকে।” বুধবার এমন অবস্থার কথাই শোনালেন মনীশরঞ্জন মিশ্রের দুই ভাই রাহুলরঞ্জন ও
বিনীতরঞ্জন।

মঙ্গলবার নিহত মনীশের শ্রদ্ধাঞ্জলি সভার রাতেই জঙ্গি দমনের কাজ শুরু করে ভারত।

কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত বাংলার যে তিন পরিবারের মধ্যে দুই পরিবার রাজ্যের আর্থিক সহায়তা পেলেও নিহত মনীশরঞ্জনের পরিবার এখনও কোন সাহায্য পায়নি। মঙ্গলবার রাতে শ্রদ্ধাঞ্জলি সভায় পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, “প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে । ওই পরিবার খুব শীঘ্রই রাজ্যের ক্ষতিপূরণ পাবে। “

অপারেশন সিঁদুরে জঙ্গি নিধন শুরু হওয়ায় উৎফুল্ল হয়ে দেশের জাতীয় পতাকা নিয়ে বুধবার ঝালদা ও পুরুলিয়া শহরে পথে নামেন সাধারণ মানুষজন।

Post Comment