নিজস্ব প্রতিনিধি , আড়শা:
কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী—রাজ্য সরকারের একের পর এক প্রকল্প সত্ত্বেও থামছে না বাল্যবিবাহ। জঙ্গলমহলের আড়শা ব্লকে কিশোরী অন্তঃসত্ত্বার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হল ব্লক প্রশাসন। আগামী ১ আগস্ট থেকে আড়শা ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে শুরু হচ্ছে সচেতনতামূলক শিবির। চলবে ২২ আগস্ট পর্যন্ত।
প্রশাসন সূত্রে খবর, প্রথম দফায় ব্লকের ১৬টি বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের চিঠি পাঠানো হয়েছে। শিবিরে উপস্থিত থাকবেন পড়ুয়ারা এবং অভিভাবকরা। আলোচনার মূল বিষয়—বাল্যবিবাহের কুফল ও তার সামাজিক, শারীরিক প্রভাব।
আড়শার বিডিও গোপাল সরকার বলেন, “বাল্যবিবাহ রুখতে স্কুলেই সচেতনতার সূচনা করতে চাইছি। প্রত্যেকটি বিদ্যালয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে। থাকবে ভিডিও প্রদর্শন, প্রশ্নোত্তর পর্বও।”
জানা গিয়েছে, ১ আগস্ট শিবির বসবে আহাড়রা বালিকা বিদ্যালয়ে। এরপর ৪ আগস্ট আড়শা গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল, ৫ আগস্ট আড়শা হাইস্কুল, ৬ আগস্ট বড়াম হাইস্কুল, ৭ আগস্ট গৌরাদাগ হাইস্কুল, ৮ আগস্ট হেটগুগুই হাইস্কুল, ৯ আগস্ট সিরকাবাদ হাইস্কুলে শিবির হবে।
পরে যথাক্রমে ১১ থেকে ২২ আগস্ট জামবাদ, ঝুঝকা, কান্টাডি, কেন্দা, মুদালি, পুয়াড়া, রাজপতি, স্বামী শ্রদ্ধানন্দ বিদ্যাপীঠ ও উপরজাড়ি হাইস্কুলেও এই শিবিরের আয়োজন করা হবে।
স্থানীয় এক সমাজকর্মীর কথায়, “কন্যাশ্রী প্রকল্প চালুর পরে কিছুটা পরিবর্তন হয়েছে ঠিকই। কিন্তু সমস্যা মূলত মানসিকতা ও অজ্ঞতার। তাই শুধু আর্থিক সহায়তা নয়, দরকার ধারাবাহিক সচেতনতা। প্রশাসনের এই পদক্ষেপ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জেলা প্রশাসন আশা করছে, এই শিবিরগুলি আগামী দিনে কিশোরীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে পরিবারের মধ্যে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটাবে।











Post Comment