insta logo
Loading ...
×

অতি বৃষ্টিতে ক্ষতি, চাষিদের ক্ষতি পূরণের দাবি

অতি বৃষ্টিতে ক্ষতি, চাষিদের ক্ষতি পূরণের দাবি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জুলাই মাসের অর্ধেক দিন পার । জমিতে ধানরোপণের উপযুক্ত মাটি তৈরি হলেও, বীজের কারণে জমিতে ধান চাষ শুরু করতে পারেনি জেলার অধিকাংশ কৃষক। নিম্নচাপের ফলে অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল জমে থাকায় বীজ বার হয়নি। যারা জমিতে বীজ ফেলেছিলেন ,জল জমে তাও নষ্ট হয়ে পড়েছে। বাজার থেকে চড়া দামে কিনে বার বার বীজ ফেলতে হয়েছে। আমন ধান প্রস্তুতির মুখেই ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা । অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠনের জেলা কমিটির সদস্যরা। বুধবার জুবিলি ময়দান থেকে পদযাত্রা করে জেলাশাসকের দপ্তরের ডেপুটেশন দেন এসউসিআই কৃষক সংগঠনের সদস্যরা। বিক্ষোভে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষ। সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার জানান, “এক মাস ধরে লাগাতার বৃষ্টির ফলে কৃষকরা বীজতলার কাজ করতে পারেনি। বার বার বীজ কেনার কারণে তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। “এদিন জেলাশাসক না থাকায়, অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানির (সাধারণ ) হাতে দাবিপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) জানান, “প্রতিটি ব্লকেই ক্ষতিপূরণের ফর্ম পাওয়া যাবে। সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকরা ফর্ম জমা করতে পারবেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের পাশাপাশি নায্যমূল্যে সার বিক্রি, বিনামূল্যে কীটনাশক ও অঞ্চলে অঞ্চলে ধান কেনার ব্যবস্থা করা প্রভৃতি দাবি তুলে ধরা হয় এদিন । উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সোমনাথ কৈবর্ত সহ বিভিন্ন ব্লক থেকে আসা সংগঠনের সদস্যরা।

Post Comment