insta logo
Loading ...
×

টাওয়ার লোকেশন কি পারবে বরাবাজারে তরুণী মৃত্যু রহস্যের সমাধান করতে?

টাওয়ার লোকেশন কি পারবে বরাবাজারে তরুণী মৃত্যু রহস্যের সমাধান করতে?

বিশ্বজিৎ সিং সর্দার ও সঞ্জয় চোধুরী , বরাবাজার :

পার হয়ে গিয়েছে দুদিন। ‌ তবুও কিনারা হলনা উদ্ধার হওয়া তরুণীর মৃত্যু রহস্য। এখনও পর্যন্ত পাওয়া যায়নি তরুণীর নাম পরিচয়। ঠিক কি কারণে এই খুন তার কোন সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
তদন্তে খোঁজ নিতে আজ শুক্রবার বরাবাজার থানায় যান রাজ্য পুলিশের আইজি (বাঁকুড়া রেঞ্জ) শিশরাম ঝাঝারিয়া। ছিলেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়। ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসেছে। জানা গেছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। গলায় মিলেছে কালচে দাগ। কলার বোন পর্যন্ত ভেঙে দিয়েছে খুনিরা। তবে রিপোর্টে উল্লেখ নেই যৌন নির্যাতনের।বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের জন্য।২৪ ঘণ্টা পুলিশি পাহারা রয়েছে ঘটনাস্থলে। তবে বৃষ্টির জল বেড়ে যাওয়ায় ঘটনাস্থল জলের তলায় চলে গেছে।
প্রমাণ লোপাটের ধরন দেখে তদন্তকারীদের অনুমান বেশ কয়েকজন মিলে এই কাজ করে থাকতে পারে। খুনিদের ওই এলাকা বেশ চেনা বলেও অনুমান করছেন তদন্তকারীরা।
বুধবার সকালে বরাবাজার থানার তসরবাঁকি ঘাটে কুমারী নদীর চর থেকে বালি খুঁড়ে বছর ২৫-এর ওই অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু করে বরাবাজার থানার পুলিশ। তারপরেই শুরু হয় তদন্ত। তবে মৃতের পরিচয় না মেলায় তদন্তের কাজে সমস্যায় পড়েছে পুলিশ।
বৃহস্পতিবার মৃতের পরিচয় জানতে পুরুলিয়া জেলা পুলিশের একটি দল পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় গিয়ে খোঁজ করে। অন্যদিকে বিশেষজ্ঞদের একটি দল এদিন টাওয়ার লোকেশন এবং টাওয়ার ডাম্প সংগ্রহ করেন। এছাড়া ঘটনাস্থলে পৌঁছানোর বিভিন্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ওই তরুণীর পরিচয় পাওয়ার জন্য রাজ্য জুড়ে তল্লাশি চালানোর পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। এলাকার মানুষদের অনুমান অন্য কোথাও ওই তরুণীকে মেরে ফেলে রেখে যাওয়া হয়েছে এই নদীতে। কারণ যদি স্থানীয় এলাকার কেউ হতো তাহলে তার পরিচয় এতদিনে পাওয়া যেত। এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ তাই রাতের অন্ধকারে এখানে কেউ এই অপকর্ম করে গিয়েছে।

Post Comment