insta logo
Loading ...
×

টানা কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা পড়েছে চাপে, এবার রাস্তায় নামলেন আশা কর্মীরা

টানা কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবা পড়েছে চাপে, এবার রাস্তায় নামলেন আশা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘদিন ধরে কাজ করেও ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষার অভাবে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন আশা কর্মীরা। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবার কীভাবে চলবে, এই প্রশ্নেই সবচেয়ে বেশি চিন্তিত তারা। সেই উদ্বেগ থেকেই রাজ্যজুড়ে আন্দোলনের পথে হেঁটেছেন পুরুলিয়া জেলার আশা কর্মীরাও।
বুধবার সকাল থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ড মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা। তাদের মূল দাবি, মাসিক ১৫ হাজার টাকা বেতন এবং কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। এই দাবিতে টানা ৩৬ দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ২১ জানুয়ারি দাবি জানাতে স্বাস্থ্য ভবন অভিযানের সময় তাদের নানা ভাবে বাধার মুখে পড়তে হয়। সেই ঘটনার প্রতিবাদেই জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল ও ধিক্কার সমাবেশে অংশ নিচ্ছেন আশাকর্মীরা।
আশাকর্মী সংগঠনের জেলা সম্পাদিকা অর্চনা খান বলেন, “আমরা ন্যায্য বেতন আর নিরাপত্তার দাবি জানাতে গিয়েছিলাম। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই বাধ্য হয়েই এই আন্দোলন। দাবি না মানা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”

Post Comment