দেবীলাল মাহাত, আড়শা :
প্লাস্টিক মালচিং পদ্ধতিতে বেগুন চাষে চাষিদের উৎসাহিত করতে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হল আড়শা ব্লকের বামুনডিহা গ্রামে। বৃহস্পতিবার আড়শা ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয় বামুনডিহা শিবমন্দির প্রাঙ্গণে। বাঙালির পাতে বেগুন একটি লোভনীয় সবজি। বেগুন থেকে তৈরি হয় হরেক রকম পদ। ভাতের সঙ্গে সবজির পাশাপাশি ভাজা ,পোড়া, মুখরোচক বেগুনি,আর বেগুন ভর্তায় মুখে আসে জল । কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দাম বেড়ে যায় বেগুনের। প্রভাব পড়ে গৃহস্থের হেঁসেলে।আর সেই ছবির বদল ঘটাতেই গ্রামে গ্রামে এই চাষের ক্ষেত্র বাড়াতে কর্মশালা করছে কৃষি দফতর। শিবিরে যোগ দেন এলাকার চাষিরা। উপস্থিত ছিলেন আড়শা ব্লকের সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক,ব্লক প্রযুক্তি প্রবন্ধক দীপক কুমার মাহাত,কৃষি সম্প্রসারণ আধিকারিক মানিক রজক প্রমুখ।সহ কৃষি অধিকর্তা শুভদীপ কারক বলেন – এই পদ্ধতিতে বেগুন চাষ করলে বেশি ফলন পাওয়া যায়। খরচও কম। শিবিরে ২৫ জন চাষির হাতে প্লাস্টিক মালচিং পদ্ধতির প্লাস্টিক সহ বিভিন্ন সহায়ক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।










Post Comment