insta logo
Loading ...
×

খনার বচন সঙ্গী করে জিতবে বিজেপি? ৪ আসনে মনোনয়ন জমা করে কী বলছেন প্রার্থীরা?

খনার বচন সঙ্গী করে জিতবে বিজেপি? ৪ আসনে মনোনয়ন জমা করে কী বলছেন প্রার্থীরা?

সুইটি চন্দ্র, পুরুলিয়া ও মানবাজার :

মঙ্গলের ঊষা, বুধে পা। খনার বচন মেনে সেই বুধেই চার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা হলো পুরুলিয়ায়। বুধবার চৈত্র পূর্ণিমার শুভক্ষণ মেনে জেলার চারটি বিধানসভা কেন্দ্রের চার প্রার্থী বর্ণাঢ্য মিছিল করে শক্তি প্রদর্শনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন।

পুরুলিয়া শহরে স্টেশন সংলগ্ন ডাকবাংলো ময়দান থেকে শুরু হওয়া বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছয়। সেখানে পুরুলিয়া বিধানসভার প্রার্থী সুদীপ মুখার্জী এবং বলরামপুর বিধানসভার প্রার্থী জলধর মাহাতো তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মিছিলে হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতি কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শংকর মাহাতো, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোসহ দলের অন্যান্য নেতৃত্ব।

অন্যদিকে মানবাজার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন মানবাজারের বিজেপি প্রার্থী ময়না মুর্মু এবং বান্দোয়ানের প্রার্থী লবসেন বাস্কে।

মনোনয়ন জমা করার পর আত্মবিশ্বাসী সুরে পুরুলিয়া আসনের বিজেপি প্রার্থী তথা দু’বারের বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে পরিবর্তন আসবে। গত ১৫ বছর ধরে শুধু লুঠ হয়েছে। সাধারণ মানুষের নয়, উন্নয়ন হয়েছে শুধু তৃণমূলের নেতাদের। রাস্তাঘাট, শিক্ষা, নিকাশি কোনও ক্ষেত্রেই প্রকৃত উন্নয়ন হয়নি। আজ পূর্ণিমার দিন, শুভ লগ্নে মনোনয়ন জমা দিলাম। একটা প্রবাদ আছে মঙ্গলে ঊষা, বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমরা আশাবাদী মানুষ আমাদের পাশে থাকবে।”

বলরামপুরের প্রার্থী জলধর মাহাতো বলেন, “জেলার মানুষ পরিবর্তন চায়। আমরা মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আজকের এই বিপুল জনসমর্থন প্রমাণ করছে মানুষ আমাদের উপর আস্থা রাখছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”
মানবাজারের প্রার্থী ময়না মুর্মু বলেন,
“আমরা সারা বছর মানুষের পাশে থাকি এবং এখনও আছি। জনগণের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। লড়াই কঠিন নয়, জয়-পরাজয় নির্ভর করে মানুষের উপর। আমরা মানুষের সেবা ও উন্নয়নের জন্য লড়ছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী।”

বান্দোয়ানের প্রার্থী লবসেন বাস্কে বলেন,
“দলের নেতৃত্ব থেকে বুথস্তরের কর্মীরা যেভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষের যে সমর্থন পাচ্ছি, তাতে আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এবারে আদিবাসী ভোটের বড় অংশ বিজেপির পক্ষেই যাবে বলে আমাদের বিশ্বাস।”

মনোনয়ন জমাকে ঘিরে পুরুলিয়া জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। প্রার্থীদের দাবি, জনসমর্থনের ঢেউই তাঁদের জয়ের প্রধান ভরসা, আর সেই বার্তাই বুধবারের মিছিলে স্পষ্ট ।

Post Comment