নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
শেষ পর্যন্ত কাটল জট। একাধিক মাঠ ঘুরে ও দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূলের যুবরাজের রণসংকল্প সভার স্থান চূড়ান্ত করল পুরুলিয়া জেলা তৃণমূল। আগামী ২১ জানুয়ারি দুপুর ১২টা নাগাদ হুড়ার লধুড়কার চণ্ডেশ্বর ময়দানে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা নেতৃত্বের দাবি, এই সমাবেশ পুরুলিয়ার রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন হতে চলেছে।
সভাস্থল নির্বাচন ঘিরে কয়েক দিন ধরেই অনিশ্চয়তা ছিল। কারণ এই প্রথম পুরুলিয়ায় কোনও রাজনৈতিক সভায় র্যাম্প-সহ মঞ্চ তৈরি হচ্ছে। পাশাপাশি হেলিপ্যাডের ব্যবস্থা ও বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বড় মাঠের প্রয়োজন ছিল। প্রথমে হুটমুড়ার কথা ভাবা হলেও শেষ পর্যন্ত লধুড়কাতেই সিদ্ধান্ত নেয় দল। লক্ষ্য এক লক্ষ মানুষের জমায়েত।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে হুটমুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাই এখনও পর্যন্ত জেলার সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত। সেই সমাবেশের রেকর্ডও ভাঙার লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করেছে জেলা নেতৃত্ব। শুক্রবার দুপুরে সভাস্থলেই হয় জেলা তৃণমূলের প্রস্তুতি বৈঠক। সেখান থেকে বুথ, অঞ্চল ও ব্লক নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, সভার দিন বেলা সাড়ে এগারটার মধ্যে কর্মী-সমর্থকদের নিয়ে মাঠ ভরাতে হবে।
পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি ও বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, এবারের সমাবেশ ঐতিহাসিক হবে। এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে দল এগোচ্ছে। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রমুখ।
ইতিমধ্যেই মঞ্চ নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখছে প্রশাসন। সম্প্রতি সভাস্থলে বৈঠক করেছে জেলা পুলিশ। পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিও। দলীয় সূত্রে জানা গিয়েছে, সভাদিন পাশের হেলিপ্যাডে নেমে সেখান থেকে হেঁটেই মঞ্চে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য জুড়ে রণসঙ্কল্প সভার দিনক্ষণ ঘোষণার পর থেকেই পুরুলিয়ায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। জেলা জুড়ে মাইকিংয়ের পাশাপাশি সমাজমাধ্যমে প্রচার, ভিডিও ক্লিপিংস তৈরির কাজ চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বড় বড় কাটআউট ও হোর্ডিংয়ে সাজানো হবে পুরুলিয়া, রঘুনাথপুর, ঝালদা ও মানবাজার শহর। সভার দিন পুরুলিয়া শহর থেকে লধুড়কা এবং হুড়া থেকে লধুড়কা—দু’দিকের রাস্তাই দলীয় পতাকায় সাজানো থাকবে।
দলীয় সূত্রের খবর, বিজেপির পরিবর্তনসঙ্কল্প সভা থেকে রাজ্য সরকার ও তৃণমূলকে ঘিরে যে অভিযোগ তোলা হয়েছে, তার জবাবও তথ্য-সহ দেওয়া হবে রণসঙ্কল্প সভার মঞ্চ থেকেই। এখন সব নজর ২১ জানুয়ারির জনসভার দিকে।











Post Comment